কেমন অধিনায়কত্ব করছেন কোহলি, বুঝতেই পারছেন না গম্ভীর

লোকসমাজ ডেস্ক॥ স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে প্রথম দুই ম্যাচে রীতিমত বিধ্বস্ত হতে হয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে। প্রথম ম্যাচে ৬০ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে হেরেছে তারা ৫১ রানে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া করেছিল ৩৭৪ রান এবং দ্বিতীয় ম্যাচে করেছিল ৩৮৯ রান। অস্ট্রেলিয়ার পাহাড়সমান রানের সামনে দুই ম্যাচেই কার্যত অসহায় আত্মসমর্পণ করে টিম ইন্ডিয়া। স্টিভেন স্মিথ, অ্যারোন ফিঞ্চ, মার্নাস ল্যাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েলদের সামনে নখদন্তহীন ভারতীয় বোলাররা। রোববার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারের সঙ্গে তিনম্যাচের সিরিজও হাতছাড়া হয়েছে ভারতের। এরপরই ভারত অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্বের সমালোচনায় মুখর হয়েছে সাবেক বাঁ-হাতি ওপেনার গৌতম গম্ভীর। চলতি ওয়ানডে সিরিজে কোহলির ক্যাপ্টেনসি নিয়ে বেশ নাখোশ ২০১১ বিশ্বকাপ ফাইনালের নায়ক।
গম্ভীরের প্রশ্ন, জসপ্রিত বুমরাকে দিয়ে নতুন বলে মাত্র দু’ওভার বল করানোর ব্যাখ্যা কী? ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাৎকারে ম্যাচের পর গম্ভীর বলেন, ‘সত্যি বলতে কোহলির অধিনায়কত্ব আমার বোধগম্য হচ্ছে না। এরকম ব্যাটিং লাইনআপকে থামাতে শুরুর দিকে উইকেট তুলে নেওয়া কতটা জরুরি সেটা নিয়েই আমরা আলোচনা করছিলাম। অথচ কোহলি তার সেরা বোলারকে দিয়ে শুরুতে মাত্র দু’ওভার বল করাল।’ তিনি আরো বলেন, ‘সাধারণত ওয়ানডে ম্যাচে একজন ফাস্ট বোলারের স্পেল ভাগ হয় ৪-৩-৩ হিসেবে; কিন্তু সেখানে দলের সেরা বোলারকে দিয়ে দু’ওভার বল করানোর সিদ্ধান্তটা অধিনায়কত্বের কোন পর্যায়ে পড়ে আমার জানা নেই। আমার কাছে এই অধিনায়কত্বের কোনো ব্যাখ্যা নেই। মাথায় রাখতে হবে এটা টি-টোয়েন্টি ক্রিকেট নয়। আমার একেবারেই বোধগম্য হচ্ছে না বিষয়টা। আমার কাছে এটা জঘন্য ক্যাপ্টেনসি।’ একইসঙ্গে গম্ভীর জানিয়েছেন ষষ্ঠ বোলারের অভাবে ভুগতে হলে ওয়াশিংটন সুন্দর কিংবা শিবাম দুবের কথা ভাবতে পারত টিম ইন্ডিয়া। গম্ভীর বলেন, ‘ভারতীয় দলের উচিৎ তৃতীয় ম্যাচে ওয়াশিংটন সুন্দর অথবা শিবম দুবে অথবা অন্য কেউ যারা স্কোয়াডে আছে তাদের একজনকে সুযোগ দেওয়া। দেখা উচিৎ ওয়ানডেতে কেমন পারফর্ম করছে তারা। কিন্তু সে রকম কেউ যদি না থাকে তাহলে সেটা নির্বাচনের ত্রুটি।’

ভাগ