সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরা শহরের প্রাণ সায়র খাল খনন করে মাটি দিয়ে পাড় ভরাট এবং খাল পূর্বের চেয়ে আরো সরু করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। শনিবার বেলা ১১টায় সংগঠনের যুগ্ম আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে জেলা নাগরিক কমিটির সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রতিবারই খননের নামে পূর্বের চেয়ে আরো সরু করার কারণে প্রাণ সায়র খালটি অস্তিত্বহীন হওয়ার পথে। তাছাড়া এক্সেভেটর মেশিন চলাচলের পথ তৈরির জন্য পাড়ের অংশ কেটে পুনরায় খননকৃত মাটি দিয়ে ভরাটের কারণে অচিরেই তা ভেঙে খালের মধ্যেই পড়বে। ফলে খনন কাজ অর্থহীন ও টাকার অপচয় হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, খাল প্রশস্থ করার জন্য শতশত ব্যবসায়ীর দোকানপাট ভাঙা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে খাল প্রসস্থ নয়, বরং দোকান-পাট ভেঙে ঠিকাদারের এক্সেভেটর মেশিন চলাচলের পথ তৈরি করা হয়েছে। খালের খনন কাজে এই প্রক্রিয়া অব্যহত থাকলে আগামী দিনে সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা পরিস্থিতি আরো বৃদ্ধি পাবে বলে নাগরিক কমিটির নেতৃবৃন্দ আশংকা ব্যক্ত করেন। সভায় সাতক্ষীরা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে শহরের বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্পের নামে যেনতেন প্রকারে লোক দেখানো ‘ওয়ান টাইম রাস্তা-ড্রেন-কালভার্ট’ নির্মাণ কাজ বন্ধ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মধাব চন্দ্র দত্ত, অপারেশ পাল, প্রভাষক ইদ্রিশ আলী, কমরেড আবুল হোসেন, নিত্যা নন্দ সরকার, ড. আবুল কালাম আজাদ প্রমুখ।





