আলমগীর কবির,রূপদিয়া (যশোর)॥ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শনিবার দিনব্যাপী গ্রাম বাংলার প্রাচীন খেলা ষাড়ের লড়াই অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই ষাঁড়ের লড়াই দেখতে ভিড় করেন শ’ শ’ মানুষ। লড়াইয়ে ধলিগাতীর মিন্টু মোল্লার লালপরী, পচাঁমাগুরার মিলন হোসেনের সাদা পাগলা, কাঁটাখালীর হুমায়নের লালপরী, কাঁটাখালীর শমসেরের কালামানিক, আড়পাড়ার কিংকরের পাখি গরু, ধলিগাতীর রেজার কালো চিতা, টেকনাফের জনি ফরাজির লাল পাগলা, নওয়াপাড়া বেতার এলাকার মহাসিনের ব্লাক-ফাইটার, অভয়নগরের সরোয়ারের কালা পাহাড়, হরিশপুরের মেহেদী হাসানের সাদা পরীসহ বিভিন্ন এলাকা থেকে ৩২ টি ষাঁড় অংশ নেয়। এদিন সকাল থেকে প্রথম রাউন্ডে ১৬টি ষাঁড় হেরে ফিরে যায়। দ্বিতীয় অর্ধে দ্বিতীয় রাউন্ড শেষে সুপার এইট এরপর সেমিফাইনাল সর্বশেষে আড়পাড়া থেকে আসা কিংঙ্কর এর পাখিগরু এবং ধলিরগাতী থেকে আসা রেজার কালোচিতার মধ্যে ফাইনালে টানটান উত্তেজনাকর এই খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক পর্যায়ে আড়পাড়ার কিংঙ্করের পাখিগরু জয়ী হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানকারী ষাঁড়ের মালিকদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। বিশেষ অতিথি সাধারণ সম্পাদক ও আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম।




