কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারীর বেতন পরিশোধ, কৃষকের সার কীটনাশক দেয়া এবং মিল চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে মিলের প্রধান ফটকের ঢাকা-খুলনা সড়কে এই মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের আইন ও দরকষাকষি সম্পাদক গোলাম রসুল, চাষিকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় মিলের শত শত শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন।
শ্রমিকরা জানায়, চলতি ২০২০-২১ রোপন মৌসুম শুরু হলেও কৃষকের সার ও কীটনাশক কিনতে না পারায় বন্ড বা স্ট্যাম্প করছে না মিল কর্তৃপক্ষ। সার ও কীটনাশক না পেয়ে বিপাকে পড়েছে আখ চাষিরা। ফলে সময় মতো বন্ড না হওয়ায় আখ রোপণে অনাগ্রহ দেখাচ্ছে অনেক কৃষক। অন্যদিকে মিলের শ্রমিক কর্মকর্তাদের তিন মাসের প্রায় সাড়ে ৪ কোটি টাকা বেতন বকেয়া রয়েছে। বাকি রয়েছে গেল বছরের মৌসুমি শ্রমিকদের ওভার টাইমের প্রায় অর্ধকোটি টাকা। এ প্রসঙ্গে মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবির জানান দেশের চিনিকল কর্পোরেশনের কাছে বিসিআইসি কর্র্তৃপক্ষ সার বাবদ ৫৮ কোটি টাকা পাবে। ফলে এই টাকা পরিশোধ না করলে সার মিলছে না,এতে করে আখ চাষিদের সাথে সার কিটনাশকের চুিক্ত করা যাচ্ছে না । এছাড়া আন্দোলন প্রসঙ্গে বলেন দেশ ব্যাপী চলছে।





