নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর (যশোর) ॥ যশোরের শিল্প ও বাণিজ্য নগরী অভয়নগর উপজেলার নওয়াপাড়া দেশের অন্যতম নদীবন্দর। এখান থেকে প্রতিবছর শ শ কোটি টাকার রাজস্ব আদায় হয়ে থাকে। অথচ এখানকার ১৪টি জেটি ভেঙে অকেজো হয়ে পড়ে আছে। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কয়েক শ শ্রমিক।
ব্যবসায়ী, সচেতনমহল ও হ্যান্ডলিং শ্রমিকরা অভিযোগ করেছেন, বিআইডব্লিউটিএ’র উদাসীনতায় সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে নওয়াপাড়া নদীবন্দরে নির্মিত জেটিগুলো ভেঙে বিলীন হয়ে পড়ছে। প্রকাশ্যে যে যার মতো খুলে নিয়ে যাচ্ছে পন্টুনের কাঠ ও পিলার। ইতোমধ্যে এ বন্দরে বিআইডব্লিউটিএ’র অর্থায়নে নির্মিত নয়টি জেটির চারটি সম্পূর্ণরূপে বিলীন হয়েছে। আর বাকি পাঁচটি জেটিও ভেঙে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। খুলে পড়ছে পন্টুন। যে যার ইচ্ছেমত নিয়ে যাচ্ছে ভেযে পড়া জেটির যন্ত্রাংশ। এসব অকেজো হয়ে পড়া জেটিতে জীবনের ঝুঁকি নিয়ে লোড-আনলোডের কাজ করছেন কয়েক শ হ্যান্ডলিং শ্রমিক। প্রায়ই এসব জেটিতে কাজ করতে গিয়ে তারা দুর্ঘটনারও শিকার হচ্ছেন। এ বিষয়ে বন্দর কর্তৃপরে কোনো তৎপরতা নেই। এমনকি বন্দর কর্মকর্তারা এ পল্টুনগুলোর বেহাল অবস্থার কথা জানেনই না। তবে বিআইডব্লিউটিএ’র নওয়াপাড়ার সহকারী পরিচালক শাহ আলম বলেন, আগামী মাসের ৯-১০ তারিখ থেকে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালানো হবে।





