বেজেরডাঙ্গায় এমআরএস কটন মিলে অগ্নিকাণ্ড

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন ফুলতলার বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার দুপুরে এমআরএস কটন রিফাইন মিলে অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।  মিলের স্বত্বাধিকারী শেখ মনিরুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মিল বন্ধ করে শ্রমিকদের নিয়ে চলে যান। দুপুর ২টার দিকে এসে মিলের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে ফোন করা হয়। খানজাহানআলী ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২টি এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ২টি ইউনিট এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গোডাউনে রাখা তুলা পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট জনিত কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে খানজাহানআলী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সোয়েব হোসেন মুন্সী জানিয়েছেন। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওই অফিসার।

ভাগ