যশোরে প্রতি ৫ জনে একজন করোনাভাইরাসে আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল ৫ জনে ১ জন কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩শ’ ৮৫ জন। সিভিল সার্জন অফিসের এক পরিসংখ্যানে জানানো হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে এদিন ৮৩টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। ওই রিপোর্টে ১৭ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের অনুপাতে প্রায় ৫ জনে ১ জন। এ নিয়ে যশোরে মোট ৪ হাজার ৩শ’ ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় ১৯ হাজার ৫শ’ ৩টি নমুনা পরীক্ষা করা হয়। সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, গতকাল যশোর সদরে ১১ জন, অভয়নগরে ৪ জন, চৌগাছা ও শার্শায় ১ জন করে ২ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ৪ হাজার ৫৮ জন সুস্থ হয়েছেন। ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আইসোলেশনে রয়েছেন ২শ’ ৭০ জন। যশোরে ৫০ জন এবং ঢাকায় ৫ জন ও খুলনায় ৪ জন মিলে মোট ৫৯ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।
উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে জানা গেছে, যশোর সদরে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬শ’ ৫ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনে। ২ হাজার ৩শ’ ৮২ জন সুস্থ হয়েছেন। অভয়নগর উপজেলায় করোনায় আক্রান্ত ৪শ’ ৯৭ জন। মৃত্যু হয়েছে ৪ জন। সুস্থতা লাভ করেছেন ৪শ’ ৭০ জন। চৌগাছা উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১শ’ ৬৫ জন। মৃত্যুর সংখ্যা ২ জন। সুস্থ ১শ’ ৫৫ জন। ঝিকরগাছা উপজেলায় আক্রান্ত ২শ’ ৭৮ জন। মৃত্যু না হলেও সুস্থ হয়েছেন ২শ’ ৬৪ জন। কেশবপুর উপজেলায় মোট আক্রান্ত ২শ’ ৭৫ জন। মৃত্যু ২ জন। সুস্থ হয়েছেন ২শ’ ৬৭ জন। শার্শা উপজেলায় আক্রান্ত হয়েছেন ২শ’ ৯৫ জন। মৃত্যু ২ জন। সুস্থ হয়েছেন ২শ’ ৬২ জন। বাঘারপাড়া উপজেলায় আক্রান্ত ১শ’ ৫ জন। মৃত্যু হয়েছে ১ জন। সুস্থ হয়েছেন ১শ’ জন। মনিরামপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১শ’ ৬৫ জন। এ উপজেলায় কারোর মৃত্যু না হলেও ১শ’ ৫৮ জন সুস্থ হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র জানিয়েছেন, গ্রীষ্মকালীন সময়ে করোনায় আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেলেও পরবর্তীতে আক্রান্তের সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু শীতকালীন সময়ে নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে নিজেকে সতর্ক রাখার কোন বিকল্প নেই।

ভাগ