যশোরে বিভিন্ন দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মের নামে সন্ত্রাসের রাজনীতি বন্ধ করা মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১টায় যশোর প্রেসকাবের সামনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
কমিটির সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদ রহমান, সাংবাদিক ফারাজী আহমেদ বুলবুল, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম তারু, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দুদুল, কর্নেল জামিল স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদ গনি খান রিমন, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, বাংলাদেশ ছাত্রমৈত্রী যশোরের সাবেক সভাপতি শ্যামল শর্মা প্রমুখ।
বক্তারা বলেন, ভাস্কর্য মানে মূর্তি না। একশ্রেণির ধর্মান্ধ প্রকৃত ঘটনাকে আড়াল করে ধর্মের ব্যবসায় নেমেছে। ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষের সস্তা সেন্টিমেন্ট নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা চালাচ্ছে। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে। বক্তারা বলেন, তারা একটি দেশ ও চেতনার বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ আচরণ করছে। এ ধরনের উক্তিকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য বক্তারা সরকারের প্রতি দাবি জানান।

ভাগ