স্টাফ রিপোর্টার ॥ যশোরে মারপিট ও টাকা কেড়ে নেওয়া সংক্রান্ত একটি মামলায় ২ ভাইকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়া মামলার অপর ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার চিফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোর সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের শাহাজান মোল্লার ছেলে আক্তার হোসেন ও তার ভাই আব্দুল মান্নান।
মামলা সূত্রে জানা গেছে, আন্দুলিয়া গ্রামের মতিয়ার রহমানের সাথে জমি নিয়ে আসামিদের সাথে বিরোধ ছিল। ২০১০ সালের ১০ ডিসেম্বর সকালে মতিয়ার রহমান ও তার ছেলে নরেন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানকে পাওনা ৩৫ হাজার ৩শ’ টাকা দিতে যাচ্ছিলেন। পথে আসামিদের বাড়ির সামনের পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে তারা তাদের ওপর চড়াও হন। এ সময় আসামিরা তাদের মারপিট করে ও কুপিয়ে টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় মতিয়ার রহমান ৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেন। এরপর আদালতের আদেশে সেটি কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। এ মামলায় আসামি আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩২৬ ধারায় ৩ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, ৩৭৯ ধারায় ১ বছর কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং আব্দুল মান্নানকে ৩২৪ ধারায় ১ বছর কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় কামরুল হোসেন, বদিয়ার রহমান, সাত্তার ও একরামকে খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আক্তার হোসেন ও আব্দুল মান্নান কারাগারে আটক রয়েছেন।





