স্টাফ রিপোর্টার ॥ যৌতুক দাবির অভিযোগে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে সোমবার যশোরের আদালতে মামলা হয়েছে। যশোরের বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের আবু দাউদের মেয়ে তানজিলা খাতুন এ মামলা করেন। জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামি জসিম উদ্দিনের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। জসিম উদ্দিন নড়াইল সদর উপজেলার চাঁচড়া গ্রামের ইয়ার আলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট স্কুলশিক্ষক জসিম উদ্দিনের সাথে তানজিলা খাতুনের বিয়ে হয়। তারা কয়েক মাস সংসারও করেন। কিন্তু জসিম উদ্দিন ২ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করতেন। গত ৯ নভেম্বর যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় জাসিম উদ্দিন তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর বিষয়টি মীমাংসার জন্য জসিম উদ্দিনকে বাঘারপাড়ায় তার শ্বশুরবাড়িতে আসতে বলা হয়। ১৬ নভেম্বর জসিম উদ্দিন শ্বশুরবাড়িতে এলেও যৌতুকের টাকা না পেলে স্ত্রীকে নিবে যাবেন না বলে জানিয়ে দেন। ফলে বাধ্য হয়ে তানজিলা খাতুন যৌতুক নিরোধ আইনে তার স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।





