স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামে। কালীগঞ্জ থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, পাঁচ বছরের ওই শিশু ১৪ নভেম্বর বাড়ির বাইরে খেলতে য়ায়। এ সময় প্রতিবেশী আব্দুল লতিফের লম্পট ছেলে শাহিন হোসেন (১৯) শিশুটিকে বল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরীক্ষা শেষে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে ডাক্তাররা জানান। এ ব্যাপারে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতলেবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষক শাহিন পলাতক। এদিকে মামলার বাদী শিশুটির মা অভিযোগ করেন, ধর্ষক শাহিনের পরিবার প্রভাবশালী হওয়ায় সামাজিকভাবে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।





