পাইকগাছায় হামলায় মৃত ভেবে ঘের ব্যবসায়ীকে পানিতে নিক্ষেপ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় পূর্বশত্রুতার জের ধরে এক ঘের ব্যবসায়ীকে পিটিয়ে মৃত ভেবে ঘেরের পানিতে ফেলে দেয় প্রতিপক্ষ। এলাকাবাসী তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার মালথ গ্রামের ইছাক গাজীর সাথে একই এলাকার রাজু মোড়ল ও রেজা মোড়লদের লতা ইউনিয়নে তেঁতুলতলায় মাছের ঘেরের বাঁধ নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে ইছহাক গাজীর ছেলে মাসুম বিল্লাহ (২৪) ঘেরে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় মালথ গ্রামের ইসলাম মোড়লের ছেলে রাজু মোড়ল ও রেজা মোড়ল লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে। মাসুম বিলাহ মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে ঘেরের ভেতর পানিতে ফেলে দেয়। এলাকাবাসী আহত মাসুম বিল্লাহকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মাসুমের পিতা থানায় অভিযোগ দাখিল করেছেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাগ