যশোর মুড়লী ক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ : কুয়াশাকে দায়ি করছেন গেটম্যান চার সদস্যের তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার ॥ যশোর মুড়লী মোড় এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে হতাহতের ঘটনা তদন্তে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার পর খুলনার সাথে সারাদেশের ৬ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর শনিবার রাত ১টার দিকে ফের যোগাযোগ স্বাভাবিক হয়। এদিকে গেটম্যান বিকাশ রঞ্জন তার কর্তৃপক্ষকে জানিয়েছেন, কুয়াশার কারণে এমন ঘটনা ঘটেছে। তিনি সিগন্যাল দিলেও দেখতে পাননি ট্রেন ও ট্রাকের চালক।
রেলওয়ের যশোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ওয়ালিউল হক জানান, শনিবার মুড়লী মোড় রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে হতাহতের ঘটনা তদন্তে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের খুলনা অঞ্চলের এরিয়া অপারেটিং ম্যানেজার মুজিবুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে তিনিসহ খুলনা অফিসের আরও দুই কর্মকর্তা আছেন বলে ওয়ালিউল জানান। তিনি বলেন, তদন্ত কমিটির দায়িত্বে থাকা কর্মকর্তারা সোমবার (আজ) এক জায়গা হবেন। আশা করছি মঙ্গলবারের মধ্যে প্রাথমিক একটি রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে সক্ষম হবো। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে কিছু আচ করতে পেরেছেন কী না, এমন প্রশ্নে নির্বাহী প্রকৌশলী বলেন, আমরা যেহেতু তদন্ত কমিটিতে আছি তাই কিছু বলার সুযোগ কম। তবে ঘটনার সময় মাত্রাতিরিক্ত কুয়াশার ছিলো বলে প্রতিয়মান হয়েছে। একারণে হয়তো এমন ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, দুর্ঘটনাস্থল ওই রেলক্রসিংয়ে যে গেটম্যানের দায়িত্ব ছিলেন তিনি ঘটনার পর পলাতক ছিলেন। আমরাসহ অনেকেই ধারণা করেছিলেন এ ঘটনায় হয়তো তিনি দায়ি। তবে রাতেই গেটম্যান বিকাশ রঞ্জন আমাদের সাথে যোগাযোগ করেছেন। তিনি কিছু তথ্য আমাদের দিয়েছে। যা তদন্তে লিপিবদ্ধ করা হবে। তবে তদন্তকালীন সময়ে গেটম্যান যাতে অন্য কোথাও আত্মগোপনে যেতে না পারেন সেজন্য আমরা তাকে নজরদারিতে রাখা হয়েছে। রেলওয়ের একটি সূত্র বলছে, ঘটনার সময় মাত্রাতিরিক্ত কুয়াশা পড়তে থাকে। এসময় গেটম্যান ট্রেনের উপস্থিতি টের পাননি। এরই মাঝে রেলক্রসিংয়ে রং সাইডে ঢুকে পড়ে ট্রাকটি। এসময় গেটম্যান লাইট দিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করলেও ট্রেনের চালক কুয়াশার কারণে তা দেখতে পারেননি। সে কারণে ঘটে যায় এ দূর্ঘটনা। যশোর স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, শনিবার সন্ধ্যার পর রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতা ট্রেনটি যশোর মুড়লী মোড় নামক স্থানে পৌঁছে। এ সময় হঠাৎ একটি ট্রাক রেল লাইনে উঠে আসলে সংঘর্ষ হয়। যে কারণে ট্রেন চলাচলের লাইন আটকে যায় এবং সব ধরনের ট্রেন চলাচলে বন্ধ হয়ে পরে। খুলনা থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে যায়। কাজ শেষে রাত ১টার পর ট্রেন চলাচলে স্বাভাবিক হয়। ছয় ঘণ্টা পর খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ও সৈয়দপুরগামী সীমান্ত ট্রেন গন্তব্যস্থলে যাত্রা করে বলে তিনি জানান।

ভাগ