৪ মিনিটে রোনালদোর দুই গোল

লোকসমাজ ডেস্ক॥ আন্তর্জাতিক বিরতির আগে করোনা, এর পর গোড়ালির চোট। তাতেও ধার কমেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। উল্টো সিরি আ’য় চলমান মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ছুটে চলেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। তার জোড়া গোলে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে জুভেন্টাস। অবশ্য পরিস্থিতি এখন এমন, শিরোপা লড়াইয়ে এসি মিলান-জুভেন্টাস যেমন একে অপরকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ঠিক তেমনি সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে একই চ্যালেঞ্জ জানাচ্ছে ক্লাব দুটির প্রাণভোমরা। জ্লাতান ইব্রাহিমোভিচ ৮ গোল করেছেন এই মৌসুমে। সমান স্কোর করে তার সঙ্গে জায়গা করে নিয়েছেন রোনালদোও। মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নিয়েছেন পর্তুগিজ যুবরাজ। যার মধ্যে প্রথম গোলটির ফিনিশিং ছিল তার ট্রেডমার্ক। ৩৮ মিনিটে দু’জনকে কাটিয়ে নিচু শটে জড়িয়ে দিয়েছেন বল। ৪২ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে করেছেন দ্বিতীয়টি। দ্বিতীয়ার্ধে মনে হয়েছিল একটি গোল শোধ দিয়ে ফেলেছে ক্যালিয়ারি। কিন্তু তাদের সাবেক লিভারপুল ডিফেন্ডার ক্লাভানের হেড বাতিল হয়ে গেছে অফসাইডের কারণে। এই জয়ে পিরলোর জুভেন্টাস ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলা এসি মিলান ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।

ভাগ