স্টাফ রিপোর্টার ॥ যশোরে মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশনপত্র ও কর সনদ ব্যবহারের অভিযোগে মো. ইমরান (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কোতয়ালি থানায় মামলাটি করেন যশোর ট্রাফিক বিভাগের সার্জেন্ট খায়রুল হক। আসামি মো. ইমরান শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামের হযরত আলীর ছেলে।
মামলায় সার্জেন্ট খায়রুল হক উল্লেখ করেছেন, গত ১০ সেপ্টেম্বর সকালে জজকোর্ট মোড়ে তিনি গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিলেন। এ সময় মো. ইমরান নামে ওই যুবককে একটি মোটরসাইকেলে (নং-সাতক্ষীরা হ-১১-১৩৬৮) আসতে দেখে তাকে দাঁড় করিয়ে তার কাছে কাগজপত্র চাওয়া হয়। কিন্তু তিনি যে রেজিস্ট্রেশনপত্র ও কর সনদপত্র উপস্থাপন করেন তা দেখে তার সন্দেহ হয়। এসময় তিনি কেস স্লিপ দিয়ে মোটরসাইকেল জব্দ করেন। এছাড়া রেজিস্ট্রেশনপত্র ও কর সনদপত্র রেখে দেন। ওই যুবকের দেয়া রেজিস্ট্রেশনপত্রে মোটরসাইকেলটি নোদিকা মোটরসাইকেল কোম্পানির তৈরি। আর মালিক ঝিকরগাছা উপজেলার কওরিয়া গ্রামের মৃত মোবারক ঢালীর ছেলে মো. শাহাবুদ্দিন। কিন্তু সাতক্ষীরার বিআরটিএ অফিসে খোঁজ নিয়ে জানা যায়, একই নম্বরের মোটরসাইকেলটির আসল মালিক সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুমীরের চক সন্যাসীর চক এলাকার আমিন উদ্দিন মোল্লার ছেলে আব্দুল জলিল মোল্লা। আর তার গাড়িটি ইয়ামাহা কোম্পানির তৈরি। এছাড়া মো. ইমরানের দেয়া কর সনদপত্রও জাল বলে প্রমাণ পাওয়া যায়। এ কারণে তার বিরুদ্ধে তিনি সড়ক পরিবহন আইন-২০১৮ এ মামলা করেছেন।





