মোংলায় ১২ বছর পর ফের চালু হলো বন্দর শ্রমিক-কর্মচারীদের হাসপাতাল

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা বন্দর শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ১২ বছর পর আবারো চালু করা হলো হাসপাতাল। বন্দরে আগত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজে কর্মরত শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ‘মোংলা বন্দর শ্রমিক কল্যাণ চিকিৎসা কেন্দ্র’ নামের এ হাসপাতালটি। শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে পুরাতন বন্দর এলাকার পোর্ট মসজিদ সংলগ্ন বন্দরের নিজস্ব স্থাপনায় এ চিকিৎসা কেন্দ্রটি স্থাপন করা হয়। বৃহস্পতিবার দুপুরে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান মোংলার ডেলটা ব্যারাকে অবস্থিত শ্রমিক হাসপাতাল ও কল্যাণ চিকিৎসা কেন্দ্রটির উদ্বোধন করেন। ২০০৮ সালের ৪ মে তত্ত্বাবধায়ক সরকার ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্তি ঘোষণা করে। সেই সাথে ১৯৫০ সালে বন্দর সৃষ্টি লগ্ন থেকে পরিচালতি হয়ে আসা বন্দরের সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নির্মিত ডক শ্রমিক হাসপাতালটিও বন্ধ করে দেয়া হয়। পরে শ্রমিক কর্মচারীদের দাবির মুখে শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এ চিকিৎসা কেন্দ্রটি স্থাপন করা হলো। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানান, এ চিকিৎসা কেন্দ্রটি উদ্বোধনের কারণে মোংলা বন্দরে আগত জাহাজের পণ্য বোঝাই ও খালাস কাজে নিয়োজিত প্রায় ৪ হাজার শ্রমিক-কর্মচারী চিকিৎসা সেবা পাবেন। ইতোমধ্যে এ হাসপাতালটির জন্য ডাক্তারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হয়েছে। এটিকে ধীরে ধীরে আধুনিক হাসপাতালে রুপান্তরিত করা হবে।

ভাগ