মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলার বাঁশতলায় রাতে চিংড়ি ঘেরের বাসায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে জাল ঘেরের বাসা। এ সময় হামলাকারীদের মারধর ও অগ্নিসংযোগের মুখে ঘেরের পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণে রক্ষা পান চিংড়ি চাষি ফরহাদ হাওলাদার(৪০)। উপজেলার উত্তর বাঁশতলা গ্রামের দিগারখন্ড গ্রামের চিংড়ি চাষি ফরহাদ হাওলাদার জানান, জমি নিয়ে প্রতিবেশী প্রভাবশালী চিংড়ি ঘের ব্যবসায়ী মোবাইল সালামের সঙ্গে তার দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে সালামের ছেলে মুরাদ শেখ দলবল নিয়ে লাঠিসোটা ও নৌকায় তার ঘেরে আসে। এ সময় তারা পাশের ঘের থেকে মাছ চুরির অভিযোগ তুলে তার মোবাইল ফোনসহ টাকা কেড়ে নেয়। এক পর্যায়ে চিংড়ি ঘেরের বাসায় আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা কনে ঘের মালিক ফরহাদ হাওলাদার। পরে তার ডাক চিৎকারে গ্রামের আশপাশের লোকজন এগিয়ে আসলেও আগুনে পুঁড়ে ছাই হয়ে যায় জাল ও আসবাপপত্রসহ পুরো ঘেরের বাসা। এ দিকে চিংড়ি ঘেরের বাসায় হামলা ও অগ্নিসংগোর ঘটনা অস্বীকার করে মোবাইল সালাম জানান, তার ছেলে মুরাদ শেখ ঘেরের পাহারা দিতে গিয়েছিল। এ সময় ফরহাদ মাছ চুরি করে পালানোর চেষ্টাকালে তাকে ধরে পরে ছেড়ে দেয়া হয়। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ফরহাদ হাওলাদার উল্টো মিথ্যা অভিযোগ তুলেছে।





