কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা ॥ কচুয়ায় রাতের আঁধারে ২০ জন চাষির সবজি গাছ কেটে ফেলার প্রতিবাদ ও দুস্কৃতকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনে ক্ষতিগ্রস্ত চাষি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন, গজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন শিকদার, ক্ষতিগ্রস্ত চাষি নাঈম মৃধা, দাউদ মৃধা, অদুদ মৃধা, রুহুল মৃধা, মজিবুর রহমান মৃধা, স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোবাশ্বের আলী মৃধা প্রমুখ। বক্তারা বলেন, গজালিয়া ইউনিয়নের বিসার খোলা গ্রামের অন্তত ২০ জন চাষির কয়েক একর জমির টমেটো, লাউ, শসাসহ বিভিন্ন ফসল কেটে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় চাষিদের ২০ লাখ টাকারও বেশি আর্থিক তি হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে দুস্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।




