স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ গ্রামীণ দরিদ্র কৃষকদের গবাদিপশুর স্বাস্থ্য সেবার লক্ষ্যে ঝিনাইদহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের বন্ধন’ নামের একটি যুব সংগঠনের আয়োজনে শুক্রবার সকালে সদর উপজেলার শৈলকুপার কুঠিদুর্গাপুর দাখিল মাদ্রাসা মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুঠিদুর্গাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম, ভেটেরিনারি চিকিৎসক ডা. শাহাদত হোসেন, পরিতোষ চন্দ্র মিত্র, ঝিনাইদহ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাইসুল ইসলাম আসাদ, প্রথম আলো বন্ধুর সভার আহ্বায়ক সাকিব মোহাম্মদ আল হাসান মিজু, তারুণ্যের বন্ধন সংগঠনের আহ্বায়ক আল আমিন খান সোহেল, সদস্য ফিরোজ আলী প্রমুখ। ভেটেরিনারি কলেজ ও জেলা প্রাণিসম্পদ অধিদফতরের সহযোগিতায় ওই এলাকার ১০টি গ্রামের দরিদ্র কৃষকের গরু ছাগলের চিকিৎসা সেবা দেয়া হয়। দিনব্যাপী এ ক্যাম্পে ৫ শতাধিক পশুর চিকিৎসা দেন চিকিৎসকরা।





