চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। স্কুলছাত্র রাকিব মোল্লা (১৪) আলমডাঙ্গা উপজেলার গেটবন্ডবিল গ্রামের আব্দুল আলিম মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে বন্ডবিল এলাকায় ব্যাডমিন্টন খেলছিল রাকিব মোল্লা। খেলা শেষে বিদ্যুৎ সংযোগের তার খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা আলমডাঙ্গার শেফা কিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





