বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের রামপালে ১১ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোলাম হোসেন (৫৫) নামের এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রামপাল উপজেলার শিকিরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গোলাম হোসেনকে আটক করে। এর আগে বিকেলে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে গোলাম হোসেনকে আসামি করে রামপাল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার গোলাম হোসেন শিকিরডাঙ্গা গ্রামের মৃত আমিন উদ্দিন শেখের ছেলে। মায়ের অভিযোগ থেকে জানা যায়, ১৪ নভেম্বর শিকিরডাঙ্গা এলাকার পাশের একটি বালির মাঠে গোবর সংগ্রহ করতে যায় ওই কিশোরী। এসময় তাকে একা পেয়ে ধর্ষণ করে গোলাম হোসেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে ভয়ভীতি দেখায় গোলাম হোসেন। কিন্তু কিশোরী তার মাকে বিষয়টি বলে দেয়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, কিশোরীর মায়ের করা মামলায় আমরা গোলাম হোসেনকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে। শনিবার শিশুটির ডাক্তারি পরীার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসা হবে বলে জানান তিনি।





