জরিমানাকেও ‘থোড়াই কেয়ার’: মাস্ক ছাড়া মার্কেটে-সড়কে

লোকসমাজ ডেস্ক॥ করোনার সংক্রমণ ঠেকাতে মাস্কের ব‌্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। জনগণ যেন মাস্ক ছাড়া ঘর থেকে বের না হয়, সেজন্য জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাব মাঠে কাজ করছে। চলছে নিয়মিত অভিযান। এসব অভিযানে প্রতিদিন জরিমানাও করা হচ্ছে। এরপরও অনেকেই মানছেন না স্বাস্থ‌্যবিধি। জরিমানাকে ‘থোড়াই কেয়ার’ করছেন অনেকেই। তারা মাস্ক ছাড়াই বাসে, রাস্তায় ও জনবহুল এলাকায় নির্বিচারে চলাচল করছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে মতিঝিল, খিলগাঁও, বাসাবো, তেজগাঁও, হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন সড়ক, অলিগলি, হোটেল ও গণপরিবহনে হাতেগোনা কয়েকজনকে মাস্ক পরতে দেখা গেছে। বেশিরভাগ মানুষই মাস্ক ছাড়া চলাচল করছেন। খিলগাঁওয়ে তুরাগ পরিবহনের বাসের ভেতরে কথা হয় যাত্রাবাড়ী থেকে আসা যাত্রী রাসেল শিকদারের। মুখে মাস্ক নেই। জানতে চাইলে হেসে বললেন, ‘ভাই মনে ছিল না।’ জরিমানা কথা মনে করিয়ে দিতেই বললেন, ‘জানি। মাস্ক ব্যবহার করাই ভালো। ভবিষ্যতে ভুল হবে না।’
হাতিরঝিলে আড্ডা দিচ্ছিলেন দুই তরুণ-তরুণী। কেউ মাস্ক ব‌্যবহার করেননি। ‘মাস্ক নেই কেন’—বলার সঙ্গে সঙ্গে তারা সরে যাওয়ার চেষ্টা করেন। ঘুরে তাদের সামনে গিয়ে হাজির হতেই তারা বলেন, ‘ভাই আমরা লজ্জিত। আসলেই ব্যবহার করা উচিত। নাই বুঝে অনেকেই থোড়াই কেয়ার করে চলছে। তবে, আমরা সঙ্গে আনতে ভুলে গেছি। এখন কিনে নেবো।’ একথা বলেই তারা সরে পড়েন।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলাপে জানা গেছে, রাজধানীর বিনোদনকেন্দ্র, মার্কেট, রাস্তার পাশের চায়ের দোকান, খেলাধুলার স্থান ছাড়াও প্রধান সড়কগুলোতে পুলিশ-র‌্যাব ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই চলছে অভিযান। এসব অভিযানে জরিমানা আদায়ের পাশাপাশি দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিনামূল‌্যে মাস্ক দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ওয়ালিদ হোসেন বলেন, ‘মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চলছে। চলছে অভিযানও। মাস্ক ব‌্যবহার না করায় এই পর্যন্ত ৮৫ জনকে জরিমানা করা হয়েছে।’ এদিন মিরপুর-১ ও এর আশপাশের এলাকায় অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে মাস্ক না পরার কারণে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জরিমানা করেন। পাশাপাশি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিউমার্কেট, গাউছিয়া ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এই বিষয়ে র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, ‘জরিমানা করার পাশাপাশি জনগণ যেন সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করে, সেজন্য সচেতনতামূলক কার্যক্রম চালু করেছি।’ উল্লেখ‌্য, চলতি বছরের ২১ জুলাই মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে ‘নো মাস্ক, নো সার্ভিস’নীতি নির্ধারণের নির্দেশনাও দেওয়া হয়।

ভাগ