রাতের আঁধারে টমেটো গাছ কর্তন : বিচারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের কচুয়ায় রাতের আঁধারে স্থানীয় চাষিদের কয়েক হাজার টমেটো গাছ কেটে ফেলেছে দুস্কৃতিকারীরা। এতে ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনার প্রতিবাদ ও দুস্কৃতিকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষতিগ্রস্ত চাষি ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, গজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন শিকদার, ক্ষতিগ্রস্ত চাষি মো. নাঈম মৃধা, মো. দাউদ মৃধা, অদুদ মৃধা, রুহুল মৃধা, মজিবুর রহমান মৃধা, স্থানীয় বাসিন্দা মো. সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোবাশ্বের আলী মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, গত এক সপ্তাহে রাতের আঁধারে গজালিয়া ইউনিয়নের বিসার খোলা গ্রামের বিভিন্ন চাষিদের কয়েক হাজার টমেটোসহ বিভিন্ন ফসসের গাছ কেটে ফেলে দুস্কৃতিকারীরা। এতে চাষিদের ২৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করা এসব প্রান্তিক চাষি এখন হতাশায় ভুগছেন। সঠিক তদন্তের মাধ্যমে এই দুস্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম নাছির উদ্দিন বলেন, এই ইউনিয়নের বেশির ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। নিজস্ব জমি ও পুঁজি না থাকায় ঋণ করে এবং সুদে টাকা এনে চাষিরা সবজির মৌসুমে সবজি চাষ করেন। পরে সবজি বিক্রি করে দেনা পরিশোধ করেন। কিন্তু কিছু দিন ধরে একটি দুস্কৃতিকারী চক্র এই এলাকার মানুষের ঘেরে বিষ দিয়ে মাছ মেরে ফেলছে। রাতের আঁধারে সবজি গাছ কেটে ফেলছে। এর ফলে চাষিরা নিঃস্ব হয়ে যাচ্ছেন। যথাযথ তদন্তের মাধ্যমে এই দুস্কৃতিকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে।

ভাগ