বিএনপি নেতা আবু বকর আবুর দ্বিতীয় হত্যাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর জেলা বিএনপির সহসভাপতি ও কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আবু বকর আবু’র দ্বিতীয় হত্যাবার্ষিকী আজ। কেশবপুর উপজেলার জনপ্রিয় রাজনীতিক আবু বকর আবু ২০১৮ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নেয়ার জন্য ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে নিখোঁজ হওয়ার পর ১৯ নভেম্বর তার মরদেহ বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় কেরানীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে। আজ পর্যন্ত হত্যাকারী চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ বিএনপি নেতার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপি কর্মসূচি গ্রহণ করেছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বাদ আসর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি সকল স্তরের নেতা কর্মীকে দোয়া মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। অপরদিকে কেশবপুর থানা, পৌর ও মরহুম আবু বকর আবুর নিজ ইউনিয়ন বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি পালনের উপলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুস সামাদ বিশ^াস জানান, বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, মরহুমের কবর জিয়ারত ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। অপরদিকে জনপ্রিয় এই নেতার স্মরণে তার নিজ ইউনিয়ন মজিদপুরে স্থানীয় মাদ্রাসায় কুরআন খতম, মরহুমের কবর জিয়ারত করা হবে বলে মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ জানিয়েছেন। বিএনপির কেশবপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান জানান, এ দিন বিকেলে থানা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল, আগামীকাল শুক্রবার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও আগামী ২৩ নভেম্বর দলীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ভাগ