নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর পারবাজার এলাকার বাসিন্দা নিখোঁজ মুফতি ইব্রাহিম খলিলের সন্ধান চেয়ে তার স্ত্রী আলেমা শাহনাজ আক্তার গতকাল দুপুরে যশোর প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সংবাদ সম্মেলনে আলেমা শাহনাজ আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাতিজা মোঃ রাসেল। লিখিত বক্তব্যে বলা হয়েছে, মুফতি ইব্রাহিম খলিল (৪০), ঝিকরগাছা পারবাজার জামিয়া আরাবিয়া ক্বওমী বালক-বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। গত ২ নভেম্বর সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়ায় যাওয়ার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। এরপর লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আত্মীয়-স্বজনসহ সকলের নিকট বিভিন্ন মাধ্যমে খোঁজ-খবর নিয়েছি। কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি। তাকে না পেয়ে স্ত্রী, সন্তান, মাদ্রাসার শিক্ষকসহ সকলেই চিন্তিত। ঝিকরগাছা থানায় গত ৫ নভেম্বর আলেমা শাহনাজ আক্তার একটি জিডি করেন। তারপর ২৬ দিন পার হলেও তার কোন খোঁজ মেলেনি। সংবাদ সম্মেলনে আলেমা শাহানাজ আক্তার, তার ভাই বিল্লাল হোসেনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ভাগ