বিএম আসাদ ॥ যশোরে করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনা অব্যাহত রয়েছে। গতকাল ১ জন সেবিকাসহ আরো ১২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২শ ৫৭ জন। যশোর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান থেকে জানা গেছে, গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৬০টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ রিপোর্টে কোভিড-১৯ সংক্রমণে ১১ জন আক্রান্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে ১২টি। এর ভেতর আক্রান্ত হন ১ জন। সব মিলে ৮৫টি নমুনা পরীক্ষায় যশোরে একদিনে আক্রান্ত হয়েছেন ১২ জন। আক্রান্তের ভেতর যশোর সদরে ৮ জন, অভয়নগরে ২ জন, বাঘারপাড়া ও শার্শায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হচ্ছেন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফেরদৌস (৩৬), উপশহরের মোঃ সিরাজ মিয়া (৮৫), কারবালা ওয়াপদাপাড়ার মোঃ হাফিজুর রহমান (৬১), পুলিশ লাইনের এসএম মফিজুর রহমান (৫৩), সুজলপুরের নূর মোহাম্মদ (৬০), সদরের ফারহানা (৪৭), আবুল খায়ের (৬৮), চাঁচড়ার ফাতেমা (৩৩), অভয়নগরের অশোক মন্ডল (৩৫), মমতাজ (৪০) ও বাঘারপাড়ার মোঃ মনিরুজ্জামান (৩৫)। পরিসংখ্যানে জানানো হয়েছে, যশোরে এ পর্যন্ত ১৮ হাজার ৩শ ৫৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর ভেতর নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৫শ ৪টি। পরীক্ষিত নমুনার মধ্যে ৪ হাজার ২শ ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ভেতর ৪ হাজার ৮ জন সুস্থ হয়েছেন। ৫০ জন মৃত্যুবরণ করেছেন। ৪ জন কোভিড-১৯ হাসপাতালে ভর্তি ও ১শ ৯৫ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।





