লোকসমাজ ডেস্ক॥ ব্যবহারিক ধাতুর বাজারে বাড়তির পথে রয়েছে তামার দাম। এ ধারাবাহিকতায় লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম বেড়ে ৭ হাজার ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে। মূলত বাড়তি চাহিদার বিপরীতে সরবরাহ সীমিত থাকায় ব্যবহারিক ধাতুটির দাম বাড়তির পথে রয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। খবর মেটাল বুলেটিন ও মাইনিংডটকম।
এলএমইতে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৭ হাজার ১১৩ ডলারে বিক্রি হয়েছে। দিনের মধ্যভাগে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ৭ হাজার ১৯৩ ডলারে উঠেছিল। এর আগের দিন এলএমইতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৯২৬ ডলারে বিক্রি হয়েছে। সে হিসাবে একদিনেই তামার দাম বেড়েছে টনপ্রতি ১৮৭ ডলার।
গত ১৬ অক্টোবর এলএমইতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৭২৮ ডলারে বিক্রি হয়েছিল। এর পর থেকে ব্যবহারিক ধাতুটির দামে ধারাবাহিক উত্থান-পতন দেখা গেছে। তবে তামার টন ৬ হাজার ৬৯২ ডলার থেকে ৬ হাজার ৯৫৩ ডলারের মধ্যে ওঠানামা করেছে।
চলতি মাসের প্রথম কার্যদিবসে এলএমইতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৭১২ ডলারে বিক্রি হয়েছে। মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় ৯ নভেম্বর প্রথমবারের মতো ব্যবহারিক ধাতুটির দাম ৭ হাজার ডলার ছাড়িয়ে যায়। ওইদিন ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৭ হাজার ৩৪ ডলারে। তবে এর পর ফের ব্যবহারিক ধাতুটির টন ৭ হাজার ডলারের নিচে নেমে আসে।
১০ নভেম্বর ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৮৬৫ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়। পরদিন ব্যবহারিক ধাতুটির দাম ওঠে টনপ্রতি ৬ হাজার ৯১২ ডলার ৫০ সেন্টে। ১২ নভেম্বর এলএমইতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৯০৪ ডলারে বিক্রি হয়। চারদিনের ব্যবধানে ফের ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ৭ হাজার ডলার ছাড়াল।





