শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে হেতালবুনিয়া অভয়ারণ্য খালে বিনা অনুমতিতে মাছ ধরার সময় মালামালসহ ৬ জেলেকে আটক করেছেন পুষ্পকাটি বন স্টেশন অফিসের সদস্যরা। মঙ্গলবার ভোর ৬ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের মনতেজ গাইনের ছেলে আবুল হোসেন গাইন এবং একই এলাকার দেলবার গাজীর ছেলে মতিয়ার গাজী, আকবর গাজীর ছেলে আছাদুজ্জামান, মৃত ছফেদ সানার ছেলে মজিদ সানা, হোসেন গাজীর ছেলে আবুল কাশেম গাজী ও সোহরাব শেখের ছেলে মজিদ শেখ। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান বলেন, নিরাপত্তা টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি নৌকা, জাল ও ১২০ কেজি মাছসহ ৬ জেলেকে আটক করা হয়। তাদেরকে বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




