কালীগঞ্জে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ ও দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান আসিফ ইকবাল কাজলের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টায় শহরের মেইন বাসস্ট্যান্ড মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিকরা ঝিনাইদহ-যশোর সড়কে ক্যামেরা রেখে রাস্তায় বসে মিথ্যা মামলার প্রতিবাদ জানান। কালীগঞ্জ প্রেসকাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ঝিনাইদহ জেলা প্রেসকাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ঝিনাইদহ প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, কালীগঞ্জ প্রেসকাব সাবেক সভাপতি সিনিয়র আব্দুল কাদের, ঝিনাইদহ জেলা প্রেসকাবের সহসভাপতি আব্দুল হাইসহ বিভিন্ন গণমাধ্যম সাংবাদিক। উল্লেখ্য, ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান সিনিয়র সাংবাদিক আসিফ কাজল এবং দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগসহ তিনজনের নামে ৫০০/৫০১ ধারায় অভিযোগ দিয়েছেন আব্দুস সালাম ও আজির উদ্দীন নামে ব্যাংকের দুই কর্মচারী। এর আগে গত ২৭ অক্টোবর “কালীগঞ্জ অগ্রণী ব্যংকের দুই কোটি টাকা আত্মসাৎ” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ২৮ অক্টোবর এই দুই কর্মচারী ঋণ জালিয়াতি করে টাকা চুরির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন।

ভাগ