বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হত্যা মামলায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩

খুলনা সংবাদদাতা॥ খুলনার আলোচিত সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লা হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হত্যাকাণ্ডের প্রায় সাড়ে তিন বছর পর সোমবার (১৬ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- খুলনা জেলা ও মহানগর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন খন্দকার, সোহরাব হোসেন ও মিরাজ। সিআইডির ইন্সপেক্টর শাহাজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
২০১৭ সালের ১৪ জুন ইফতারের পর বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনসহ সাত থেকে আটজন নগরীর রায়েরমহল এলাকার হামিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে কথা বলছিলেন। এ সময় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। ঘাড়ে, হাতে ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মৃত্যু হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন লিয়াকত খান ও তার ছেলে মোস্তফা, বুলবুল ও রুবেল। ঘটনার পর ১০ জুন নিহতর ছেলে আল মামুন সুমন বাদী হয়ে হরিণটানা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। মামলাটি তদন্তের একপর্যায়ে নগরীর ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন খন্দকাররের নাম উঠে আসে। পরে হঠাৎ করে বাদির আপত্তির পরও মামলার তদন্তভার সিআইডিকে দেয়া হয়। টানা কয়েক বছর পর সিআইডি তদন্ত করে সোমবার তিন আসামিকে গ্রেফতার করে। দলীয় কাউন্সিলে গত বছর বাহাউদ্দিন খন্দকার সাধারণ সম্পাদক পদে পরাজিত হন। তবে খুলনা দলিল লেখক সমিতির নির্বাচনে খুলনা জেলা ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ভাগ