ভক্তের ফোন ভেঙেছে কীভাবে, জানালেন সাকিব

লোকসমাজ ডেস্ক॥ কারও ফোন ভাঙলে নিজের কী উপকার?- প্রশ্নটা সাকিব আল হাসানের। গত বৃহস্পতিবার দুপুরে বেনাপোলে সাকিবের সঙ্গে সেলফির তুলতে এলে ফোন ভেঙে যায় এক ভক্তের। ভিড় এড়াতে দ্রুত জায়গাটি ছাড়তে চেয়েছিলেন এই অলরাউন্ডার। তাড়াতাড়ি করতে গিয়ে তার হাতে লেগে ভক্তের ফোনটি মাটিতে পড়ে যায়। ঘটনার বর্ণনায় এমনটাই জানিয়েছেন সাকিব। বৃহস্পতিবারের ওই ঘটানার পর অনেক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, সামাজিক দূরত্ব ভেঙে মুখের সামনে ফোন তুলতেই রেগে যান সাকিব। শুধু রেগেই যাননি, বিরক্ত হয়ে নাকি সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার!
সোমবার নিজের অবস্থান ব্যাখ্যা করতে সাকিব বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম। সন্ধ্যায় ইউটিউবে ভিডিও পোস্ট করেছেন সাকিব। যেখানে বিষয়টি নিয়ে তার বক্তব্য, ‘আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দুটি বিষয় নিশ্চিত করার জন্য এই ভিডিওটি করা। প্রথমটি ফোন ভাঙা নিয়ে। আমি আসলে কখনোই বুঝতে পারি না, অন্য একজনের ফোন ভাঙলে আমার কী উপকার হবে? এর উত্তর হয়তো আমার চেয়ে ভালো আপনারা দিতে পারবেন। আর যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে, ফোনটি আমি ইনটেনশনালি ভাঙিনি। যেহেতু করোনাকালীন সময়, তাই স্বাস্থ্যবিধি মেনে, কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়, সেই চেষ্টাটুকুই আমি করছিলাম।’ সাকিব আরও বলেছেন, ‘যেহেতু সেখানে অনেক মানুষ এবং ভিড় ছিল, সেখানে সবাই চাইছিল ছবি তুলতে। তবে আমি চেষ্টা করছিলাম, কীভাবে তাদের কাছে না গিয়ে আমি আমার কাজগুলো সম্পন্ন করতে পারি। তো তার মধ্য থেকে একজন উৎসুক জনতা আমার কাছে এসে ছবি তুলতে চায়। তখন আমি তাকে সরিয়ে দিতে গিয়ে, আমার হাতের সঙ্গে লেগে তার হাত থেকে মোবাইলটি পড়ে যায়। যা পরবর্তীতে ভেঙেও গেছে।’ যদিও সাকিব মনে করেন, করোনাকালে ওই ভক্তের সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। অবশ্য ভক্তের কাছে দুঃখ প্রকাশও করেছেন গত মাসেই একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব, ‘তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার মনে হয়, তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। আসলে আমার মনে হয়, যতদিন করোনার প্রভাব থাকে পুরো সময়ে আসলে সবারই একটু সাবধানতা অবলম্বন করা উচিত।’ প্রসঙ্গত, আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব গত বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে গিয়েছিলেন। ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনের মধ্যে এক ভক্ত তার সঙ্গে ছবি তুলতে চাইলে ফোন কেড়ে নিয়ে ফেলে দেন তিনি, বৃহস্পতিবার বিকেলের পর থেকে এমন তথ্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাগ