শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী আঙ্গুর আল আসাদ বাবু (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শ্যামনগর উপজেলার ভেটখালী তরানীপুর গ্রামে আজগর গাজীর ছেলে এবং তিনি নিপা ফার্মাসিউটিক্যালস কোম্পানির স্থানীয় প্রতিনিধি। গত শনিবার রাত ১০ টার দিকে শ্যামনগর-ভেটখালী সড়কের পেঁচোর মোড় নামক স্থানে দুর্ঘটনা ঘটে। এ সময় বাবু গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এলাকার নুরনবী নামে একজন জানান, কোম্পানির কাজে শ্যামনগর হতে ভেটখালী যাওয়ার সময় ইট ভর্তি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।





