ঝিকরগাছায় প্রকাশ্যে প্রবাসীর স্ত্রী কন্যাকে আহত করে ছিনতাই

স্টাফ রিপোর্টার॥ যশোর-ছুটিপুর সড়কের মোহাম্মদপুর মোড়ে প্রকাশ্যে ছিনতাই হয়েছে। ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক প্রবাসীর স্ত্রী ও মেয়েকে পিটিয়ে আহত করার পর ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন- যশোরের চৌগাছা উপজেলার দশপাকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জয়নুর রহমানের স্ত্রী পারুল বেগম (৩৫) ও তার কন্যা মিতা খাতুন (১৮)।
পারুল বেগম জানিয়েছেন, যশোর শহরের এমকে রোডস্থ জনতা ব্যাংক থেকে তিনি ২ লাখ টাকা উত্তোলন করে বাসযোগে বাড়ি ফিরছিলেন। বিকেল ৩টার দিকে যশোর-ছুটিপুর সড়কের মোহাম্মদপুর মোড়ে নামেন। এ সময় পারুল বেগম ও তার কন্যা মিতা খাতুন ছিনতাইকারীর কবলে পড়েন। ঝিকরগাছার গঙ্গানন্দপুর গ্রামের আশরাফ হোসেনের পুত্র আরিফ হোসেন ও চৌগাছার পাশাপোল গ্রামের শিহাব নামে দু’জন ছিনতাইকারী মা ও মেয়ের ওপর প্রকাশ্য দিবালোকে হামলা চালায়। তাদের বেধড়ক মারপিটে আহত হন তারা। এক পর্যায়ে দুর্বৃত্তরা টাকা ভর্তি ভ্যানিটি ব্যাগ, ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, আট আনা ওজনের এক জোড়া হাতের রুলী, ৪ আনা ওজনের আংটি ছিনতাইকারী করে নিয়ে যায়। লোকজন আহতদের উদ্ধার করার পর রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তাদের বাড়িতে কোন পুরুষ লোক নেই। রাস্তায় বের হলেই দু’ছিনাইতাকরী তাদের পিছু নেয় এবং নানাভাবে উত্যক্ত করে। এদিন যশোর শহরে আসার পথ তারা পিছু নেয় এবং ব্যাংক থেকে টাকা উত্তোলনের খবর জেনে যায়।

ভাগ