কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়া কুমারখালী থানার একটি হত্যা মামলায় আছান আলী শেখ (৩০) ও মো. সেলিম উদ্দিন (৩৫) নামের দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামি মো. সেলিম উদ্দিন পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্ত আছন আলী শেখ কুষ্টিয়া কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের কফিল উদ্দিন শেখ’র ছেলে এবং সেলিম উদ্দিন লাহিনী পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ অক্টোবর রাত সাড়ে ৮টায় কুমারখালী উপজেলার দণি ভবানীপুর গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে আতিয়ার রহমানকে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে আসামিরা পরস্পর যোগসাজশে এবং পূর্ব পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে পাশের ধর্মপাড়া গ্রামের মাঠ থেকে গলাকাটা অবস্থায় আতিয়ারের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ২৪ অক্টোবর কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ২১ নভেম্বর আসামি আছান আলী শেখ, মো. সেলিম ও রেজাউল ওরফে রেজা নামের তিনজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, কুমারখালী থানার কু-লেস এই হত্যা মামলাটির রহস্য উদ্ঘাটনসহ দাখিলকৃত অভিযোগে চার্য গঠন ও স্যা শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আছান আলী শেখ ও মো. সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামি রেজাউল ওরফে রেজার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বে-কসুর খালাস দেন আদালত।





