স্টাফ রিপোর্টার ॥ যশোরে দুই গ্রামবাসীর বিরোধের জেরে শিক্ষার্থীদের স্কুলে যেতে বাধা দেয়া হচ্ছে। অ্যাসাইনমেন্ট জমা দেয়ার জন্য স্কুলে যাওয়ার পথে তারা বাধার মুখে পড়ছে বলে জানিয়েছে। এই ঘটনার প্রতিবাদে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের শিক্ষার্থীরা বৃহস্পতিবার মানববন্ধন করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, তীরেরহাট গ্রামের ইউপি সদস্য আলমগীর হোসেনের ছেলে জিসানের নেতৃত্বে একটি চক্র প্রতিনিয়ত এমন কর্মকান্ড করছে। মানববন্ধনে ওই চক্রের সদস্যদের আটকের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেয় তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মথুরাপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম, রিফাত হোসেন, ইয়াসিন, সজল, ইয়ামিন, রায়হান, তহিদুল, ইমরান হোসেন ও নয়ন হোসেন। তারা বলে ৪/৫ মাস আগে মথুরাপুর ও তীরেরহাট গ্রামবাসী বিরোধ হয়। পরে স্থানীয় মাতব্বরদের হস্তক্ষেপে মীমাংসা হয়ে যায়। কিন্তু জের ধরে রাখে তীরেরহাট গ্রামের উঠতি বয়সের একটি চক্র। গত ৮ নভেম্বর মথুরাপুর গ্রামের জহিরের ছেলে ইমরান হোসেন স্কুলে গেলে তাকে তীরেরহাট গ্রামের ইউপি সদস্য আলমগীর হোসেনের ছেলে জিসান ও আকরামের ছেলে আনুসহ ১০/১২ জন ধাওয়া করে। এ সময় ইমরান দৌঁড়ে মথুরাপুর গ্রামে চলে আসে। এরপর থেকে মথুরাপুর গ্রামের শিক্ষার্থীরা স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলেই তাদের বাধা দেয়া হচ্ছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মথুরাপুর ব্রিজের কাছে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীদের পক্ষে জহির উদ্দিন নামে একজন অভিভাবক তীরেরহাট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, স্কুলে যাতায়াতের পথে মথুরাপুর গ্রামের শিক্ষার্থীরা বাধার সম্মুর্খীন হচ্ছে বলে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিষ্পত্তিতে তিনি তীরেরহাট ও মথুরাপুর গ্রামের মাতব্বরদের নিয়ে আলোচনায় বসবেন।





