লোকসমাজ ডেস্ক॥ অ্যাটলেটিকো মাদ্রিদে থাকতে নিজেকে একটা সেরা জায়গায় নিয়ে গিয়েছিলেন আন্তোনিও গ্রিজম্যান। এককভাবে ক্লাবকে লা লিগা চ্যাম্পিয়ন করিয়েছেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনায় এসে যেন খাবি খেতে হচ্ছে গ্রিজম্যানকে। নিজেকে হারিয়ে যেন খুঁজছেন তিনি। কেন এমনটা হচ্ছে?কেন নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারছেন না এই ফরাসী তারকা? এ জন্য গ্রিজম্যানের এক চাচা অভিযোগ করেছেন, মেসির জন্যই নিজেকে মেলে ধরতে পারছেন না তার ভাতিজা।
২০১৯ সালের গ্রীষ্মেই অ্যাটলেটিকো থেকে বার্সায় যোগ দেন গ্রিজম্যান। কিন্তু প্রায় দুই মৌসুম- ন্যু ক্যাম্পে তার পারফরম্যান্স একেবারেই তলানীতে। নিম্নমুখি। এর কারণ হিসেবে অনেকেই বলেন যে, মেসির সঙ্গে তার সম্পর্কটা ভালো নয়। এমসিক্স টিভিকে দেয়া সাক্ষাৎকারে গ্রিজম্যানের চাচা বলেন, ‘আমি নিশ্চিত হয়েছি যে, আন্তোনিও ন্যু ক্যাম্পে নিজেকে মানিয়ে নিতে একটু সময় নিচ্ছে। তবে আমি মনে করি না, এর জন্য এক বছরেরও বেশি সময় লাগবে। যদিও সেখানে মেসি আছে এবং আমি জানি, তার জন্য বিষয়টা খুব সহজ নয়।’ গ্রিজম্যানের পরিবারের সদস্যরা আগেই জানিয়েছেন, ‘বার্সার ড্রেসিং রুমে কি ঘটে, তা সব সময় সে আমাদের জানায় না। তবে মাঝে মধ্যে কিছু ইস্যুর কথা জানাতো।’ গ্রিজম্যানের সেই চাচা বলেন, ‘সেখানে অনেক কিছুই ঘটেছে, যেটা আমি এখন বলতে পারবো না। তবে যেটা আমি বলতে পারি, সেটা হচ্ছে তারা খুব ভালো কাজ করেনি। কারণ, ট্রেনিং সেশনগুলো সাজানো হতো নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের পছন্দমত সময় অনুসারে।’





