নূর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করেছে সরকার: সাকি

লোকসমাজ ডেস্ক॥ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নূর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করেছে সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। জোনায়েদ সাকি বলেন, ‘নূর হোসেনের আত্মত্যাগের পথ ধরে স্বৈরাচারী এরশাদের পতন হলেও সাংবিধানিক স্বৈরতন্ত্রের কোনও পরিবর্তন হয় নাই। বরং জনগণের ওপর চেপে বসেছে রাজনৈতিক নির্বাচিত স্বৈরতন্ত্র। ২০১৩ সালের ভোটারবিহীন নির্বাচন এবং ২০১৮ সালে রাতের আঁধারে ভোট ডাকাতি করে জনগণের সম্মতি ছাড়াই ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতা আকড়ে ধরে রয়েছে সরকার। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের জনগণের জান-জবান-জমি-জঙ্গল সবকিছু আজকে হুমকির মুখে পড়েছে।’ তিনি বলেন, ‘নূর হোসেনের রক্তের সঙ্গে বেইমানি করে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের প্রত্যক্ষ প্রশ্রয়ে গুম-খুন-লুটপাট-পুলিশি হেফাজতে মৃত্যু, ধর্ষণ এবং গুণ্ডাতন্ত্রের দাপটে মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে। ’ সাকি আরও বলেন, ‘এই ফ্যাসিবাদী শক্তির পতন এখন বাংলাদেশের জনগণের ন্যূনতম দাবি। দেশের জনগণ নূর হোসেনের চেতনায় উদ্দিপ্ত হয়ে গণতান্তিক ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে এই সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে টেনে নামাবে।’ সমাবেশে আরও বক্তব্য রাখেন— দলটির নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল। সমাবেশ পরিচালনা করেন জুলহাসনাইন বাবু। সমাবেশে তাসলিমা আখতার, বাচ্চু ভূঁইয়া, দীপক রায়সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ভাগ