স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌর পার্কে গতকাল সন্ধ্যায় ইফটিজারদের হাতে তাসকিন আহমেদ তাজিম (১৭) নামে এক কলেজছাত্র ছুরিকাহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাসকিন আহমেদ জানিয়েছে, গতকাল সন্ধ্যা পৌণে ৬টার দিকে যশোর পৌর পার্ক থেকে তার দু’বান্ধবী বাসায় ফিরছিল। এ সময় আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের পশ্চিমগেট দিয়ে বের হওয়ার সময় ২৫/৩০ জন যুবক তাদের শরীর স্পর্শ করে এবং উত্ত্যক্ত করতে থাকে। এ সময় তাসকিন আহমেদ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানায়। তখন ওই ইফটিজাররা ক্ষিপ্ত হয়ে তাসকিন আহমেদকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে লোকজন তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তাসকিন আহমেদ তাজিম যশোর আরবপুরের এম আলাউদ্দিনের পুত্র। সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।





