স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামে গতকাল শুক্রবার সকালে দু’পক্ষের সংঘর্ষে উভয় গ্রুপের ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জমি-জমা সংক্রান্ত গোলযোগের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, ফতেপুর গ্রামের আতিয়ার রহমান (৫৮) তার স্ত্রী হাজেরা বেগম (৪৫), দাউদ হোসেন (৪৫), মোঃ বাবু (৪৪), হবিবর রহমান (৫৫). রুহুল আমিন (৬০), সুমন (২১), জোহর মোল্যা (৫০), শাহিন মোল্যা (২৭), তোরাপ মোল্যা (৫২), আবুল কাসেম মোল্যা (৭১), রাকিম হোসেন (২০), সুমন হোসেন (২৫)। জানিয়েছেন আতিয়ার রহমানের সাথে প্রতিবেশি রুহুল আমিনের বাড়ির ৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমিতে তাদের চলাফেরা করার জন্য পথ রয়েছে। পথে আতিয়ার রহমানসহ তার লোকজন বাড়ির পানি ঢেলে দেন। এ পানি আটকানোর জন্য গতকাল সকাল সাড়ে ৭টার দিকে রুহুল আমিন মাটি ফেলে বাঁধ দেন। এ নিয়ে রুহুল আমিনের সাথে আতিয়ার রহমানের গোলযোগ হয়। গোলযোগের এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে আতিয়ার রহমান তার স্ত্রীসহ ৫ জন আহত হন। রুহুল আমিন গ্রুপের রুহুল আমিনসহ ৭ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।





