নিষেধাজ্ঞা উঠতেই ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব
স্পোর্টস ডেস্ক॥ এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন ২৯ অক্টোবর। লম্বা একটা সময় মাঠের বাইরে থাকলেও ওডিআই ক্রিকেটে আইসিসি’র অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অটুট রয়েছে সাকিব আল হাসানের।বুধবার অলরাউন্ডারদের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। তাতে ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশের সাকিব। এক বছরের নিষেধাজ্ঞায় কিছুই হয়নি দেশসেরা ক্রিকেটারের।
জুয়াড়ির কাছ থেকে একাধিকবার ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কোনো কর্তৃপকে না জানানোয় গত বছরের ২৯ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও এর মধ্যে এক বছরের শাস্তি স্থগিত। সে অনুযায়ী, গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞামুক্ত হন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। নিষেধাজ্ঞার কারণে খুব বেশি ক্রিকেট মিস করতে হয়নি সাকিবকে। কেননা করোনাভাইরাস মহামারির কারণে মাঠে এখনো পুরোদমে ক্রিকেট গড়াচ্ছে না। লম্বা একটা সময়তো কোনো খেলাই হয়নি। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে সাকিবের পরেই রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, রেটিং পয়েন্ট ৩০১। ২৮১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। একধাপ উন্নতি নিয়ে চতুর্থস্থানে আছেন তার সতীর্থ বেন স্টোকস। একধাপ অবনমন নিয়ে পঞ্চমস্থানে আছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম, আফগানিস্তানের রশিদ খান, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও ভারতের রবীন্দ্র জাদেজা আছেন যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবমস্থানে। পাকিস্তানের বিপে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্সে একধাপ উন্নতি নিয়ে শীর্ষ ১০ এ জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের শেন উইলিয়ামস।
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে জয়ে ফিরল রিয়াল
স্পোর্টস ডেস্ক॥ ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় রদ্রিগোর গোলে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ আলফ্রেদো ডি স্তেফানোয় মঙ্গলবার রাতে প্রতিযোগিতাটির ‘বি’ গ্রুপের পাঁচ গোলের ম্যাচটিতে ৩-২ ব্যবধানে হারায় জিনেদিন জিদানের দল। গত দুই ম্যাচে শাখতার দোনেৎস্কের কাছে হারে তারা, ড্র করে বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে। করিম বেনজেমা ও সের্হিও রামোসের গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে লরাতো মার্তিনেজের নৈপুণ্যে একটি গোল শোধ করে ইন্টার। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ইভান পেরিসিচ। ২-২ সমতায় শেষের দিকে এগিয়ে যেতে থাকে লড়াই। ম্যাচের নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে পার্থক্য গড়ে দেন রদ্রিগো। ভিনিসিউস জুনিয়রের পাসে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে উঠে এসেছে রিয়াল। সমান ম্যাচ খেলে দুটি ড্র করা ইন্টারের অবস্থান এখন চার দলের মধ্যে তলানিতে। পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বরুসিয়া মনশেনগ্লাডবাখ।
ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার
স্পোর্টস ডেস্ক॥ হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। জমাটবাঁধা রক্ত অপসারণের এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে তার ব্যক্তিগত চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় সময় মঙ্গলবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বিশেষায়িত একটি কিনিকে ম্যারাডোনার অস্ত্রোপচার জয়। এ ব্যাপারে তার চিকিৎসক বলেছেন, “আমরা সফলভাবে জমাটটা অপসারণ করতে পেরেছি। দিয়েগো এই অস্ত্রোপচার ভালোভাবে সামলেছেন।”
“অবস্থা এখন নিয়ন্ত্রণে। রক্ত চলাচলে একটি নালি করে দেওয়া হয়েছে। তিনি এখন পর্যবেণে থাকবেন।” অসুস্থতা বোধ করার পর সোমবার লা প্লাতার একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর বেশ কিছু ডাক্তারি পরীা হয় ১৯৮৬ সালের আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনার। এই শহরেরই কাব জিমনাসিয়া ওয়াই এসগ্রিমার বর্তমান কোচ তিনি। স্ক্যান রিপোর্টে দেখা যায়, ম্যারাডোনার মস্তিষ্কের একটা জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। এরপরই তাকে নিয়ে যাওয়া বুয়েন্স আয়ার্সের উত্তরাঞ্চলের বিশেষায়িত হাসপাতালটিতে। গত শুক্রবার ৬০তম জন্মদিন পালন করা ম্যারাডোনা এর আগে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগেছেন। দুইবার আক্রান্ত হয়েছে হার্ট অ্যাটাকে। রয়েছে হেপাটাইটিস, এ ছাড়া গ্যাসস্ট্রিকের কারণে বাইপাস সার্জারিও হয়েছে তার।
কলকাতার বিদায়, প্লে-অফে হায়দরাবাদ
স্পোর্টস ডেস্ক॥ বাঁচা-মরার ম্যাচে ব্যাটে-বলে প্রতিরুদ্ধ হয়ে উঠল সানরাইজার্স হায়দরাবাদ। আগেই শীর্ষ স্থান নিশ্চিত করে ফেলা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে জায়গা করে নিল প্লে-অফে। মঙ্গলবার আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাইকে ১০ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ।
ডেভিড ওয়ার্নারদের এই জয়ের ফলে লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। হায়দরাবাদের সমান ১৪ পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে পড়েছে কলকাতা। সমীকরণটা অবশ্য পরিষ্কারই ছিল। হায়দরাবাদ হারলে কলকাতা টিকিট পাবে প্লে-অফের। তাই কলকাতার খেলোয়াড় থেকে শুরু করে ভক্তদের নজর ছিল এ ম্যাচে। কিন্তু তাদের হতাশায় ডুবিয়েছেন বাংলার ছেলে ঋদ্ধিমান সাহা ও তার দল। ১৫০ রান তাড়া করতে নেমে ঋদ্ধিমান হায়দরাবাদের হয়ে খেলেছেন ৪৫ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ছিলেন বিস্ফোরক। ৫৮ বলে ১০ চার ও ১ ছক্কায় খেলেন ৮৫ রানের অপরাজিত ইনিংস। জাসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্টকে বিশ্রামে রেখে মুম্বাইয়ের বোলিং যেন হয়ে পড়েছিল একেবারেই দুর্বল। এর আগে হায়দরাবাদ বোলাররা মুম্বাইকে ৮ উইকেটে ১৪৯ রানের বেশি করতে দেয়নি। ইনজুরি কাটিয়ে ফেরা অধিনায়ক রোহিত শর্মা (৪) ব্যর্থ হয়েছেন। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি কুইন্টন ডি কক (২৫), সূর্য কুমার যাদব (৩৬), ইশান কিষান (৩৩)। শেষ দিকে ২৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪১ রান করেন কিয়েরন পোলার্ড। হায়দরাবাদের পে ৩ উইকেট নিয়ে সন্দীপ শর্মা সবচেয়ে সফল। তবে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন শাহবাজ নাদিম। জ্যাসন হোল্ডারের দখলেও ২ উইকেট। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন নাদিম। লিগ পর্ব শেষে হায়দরাবাদ উঠে এসেছে তিন নম্বরে। চারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলবে শীর্ষে থাকা মুম্বাই ও দ্বিতীয় স্থানে থাকা দিল্লি। প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দল এলিমিনেটর ম্যাচে জয়ীদের বিপে খেলবে ৮ নভেম্বর। ১০ নভেম্বর ফাইনাল।
এক সপ্তাহ পেছাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ
স্পোর্টস ডেস্ক॥ বিসিবি প্রেসিডেন্টস কাপের সফল আয়োজনের পর করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ নভেম্বর আসর শুরুর সম্ভাব্য দিন জানানো হয়েছিল। তবে এক সপ্তাহ পেছাচ্ছে ৫ দলের এই আসর। বিসিবির নতুন এই টুর্নামেন্টের নাম হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। উদ্বোধনসহ টুর্নামেন্টের আয়োজন কিছুটা জমকালো করার জন্যই এমন সিদ্ধান্ত বলে বাসস তাদের প্রতিবেদনে জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে আয়োজনের দ্বিতীয় পদপে হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। প্রেসিডেন্ট কাপ সফলভাবে সম্পন্ন করার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ১৫ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু পরে আন্তর্জাতিক ব্রডকাস্টার এবং ৫ দলের পৃষ্ঠপোষক সংগ্রহের জন্য আরো কিছুটা সময়ের প্রয়োজন দেখা দেয়। এ ছাড়া টুর্নামেন্টে প্রচুর মানুষের সম্পৃক্ততায় সেরা জৈব সুরা বলয় গড়ে তোলার জন্যও বাড়তি সময়ের প্রয়োজন। যে কারণে টুর্নামেন্টের তারিখ পিছিয়ে দিয়েছে আয়োজকরা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে উদ্ধৃত করে জানিয়েছে বাসস। বিদেশি ক্রিকেটারদেরও এই আসরে সম্পৃক্ত করা যায় কিনা এমন ভাবনা ছিল বিসিবির। তবে ভালো মানের বিদেশি না পাওয়ায় আগেই সেই ভাবনা থেকে সরে আসে সংস্থাটি। সব ঠিক থাকলে নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান এই আসর দিয়েই মাঠে ফিরবেন। বৃহস্পতিবার তার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা।





