স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন সোনা (৭২) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান। এর আগে, বুধবার সকালে তিনি নিজ বাড়িতে অসুস্থ হলে সকাল ৯টায় সরকারি অ্যাম্বুলেন্সে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। সকাল ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিকদার মোশারফ হোসেন শৈলকুপা উপজেলা পরিষদের পর পর দুবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।





