সুপ্রিম কোর্টে ট্রাম্পকে মোকাবিলায় প্রস্তুত ডেমোক্র্যাটরা

লোকসমাজ ডেস্ক॥ ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে গণনা ঠেকাতে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দেয়ার পর ডেমোক্র্যাট দলীয় প্রচার শিবিরের পক্ষ থেকেও পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার তারা জানিয়েছে, ভোট গণনা বন্ধের চেষ্টা করতে ট্রাম্প যদি তার হুমকি অনুযায়ী সুপ্রিম কোর্টে যান; সেটিকে মোকাবিলায় ডেমোক্র্যাট শিবিরের আইনজীবীরা প্রস্তুত আছেন। বাইডেনের নির্বাচনী প্রচার বিভাগের ব্যবস্থাপক জেন ও ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেছেন, যদি প্রেসিডেন্ট তার হুমকি অনুযায়ী ভোটের যথাযথ সারণী তৈরি ঠেকাতে আদালতে যান, তাহলে এই প্রচেষ্টা প্রতিরোধের জন্য ডেমোক্র্যাট আইনি দল প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের থেকে পিছিয়ে থেকেও নিজেকে বিজয়ী দাবি করে ট্রাম্প বিলম্বিত ভোট গণনা বন্ধের চেষ্টা করছেন। তিনি ভিত্তিহীনভাবে বলেছেন, ‘আমরা বিজয়ের জন্য প্রস্তুত ছিলাম। সত্যি কথা বলতে, আমরা বিজয়ী হয়েছি।’ কোনও ধরনের প্রমাণ উপস্থাপন ছাড়াই নির্বাচনে কারচুপি হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। বলেছেন, ‘আমরা সুপ্রিম কোর্টে যাব। আমরা ভোট গণনার কার্যক্রম এই মুহূর্তে বন্ধ চাই। যুক্তরাষ্ট্রের জন্য এটি খুবই দুঃখজনক একটি মুহূর্ত।’
যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইনে চূড়ান্ত ফল ঘোষণার জন্য সব রাজ্যের ভোট গণনা শেষ করার নিয়ম রয়েছে। অতীতের নির্বাচনের সব রেকর্ড ভেঙে দেশটিতে আগাম ভোটের রেকর্ড হওয়ায় সেগুলো গণনা করতে আরও কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। তবে বেশিরভাগ মেইল-ইন ভোট ডেমোক্র্যাটদের পক্ষে যাওয়ায় ট্রাম্প এইসব ভোটের গণনা ঠেকাতে চাইছেন। ট্রাম্প নিজেকে জয়ী দাবি করলেও এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন। সাবেক এই ভাইস প্রেসিডেন্ট এখন পর্যন্ত ২৩৮টি এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোট। এদিকে, নির্বাচনের রাতে যখন যুক্তরাষ্ট্রজুড়ে ভোট গণনা চলছে, তখন হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করতে শুরু করেছেন। এমনকি দেশটির প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সামনে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে। পুলিশ বিক্ষোভস্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বলেও খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

ভাগ