ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় গত এক সপ্তাহেও অপহৃত কলেজছাত্রী সুমাইয়া আমিন টুম্পা (১৬) উদ্ধার হয়নি। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা করলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় ফুলতলা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও দামোদর উত্তরপাড়ার রহুল আমিন শেখের কন্যা সুমাইয়া আমিন টুম্পাকে একই এলাকার সৈয়দ কবিরের পুত্র সৈয়দ রাব্বির নেতৃত্বে অপহরণ করা হয়। ঘটনার পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও টুম্পার সন্ধান মেলেনি। এদিকে গত ১ নভেম্বর সুমাইয়ার মাতা আসমা বেগম সৈয়দ রাব্বিসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে আটক অথবা অপহৃত টুম্পাকে আটক করতে পারেনি।




