প্রেমের টানে পালিয়ে আসা ভারতীয় তরুণীকে হস্তান্তর

লোকসমাজ ডেস্ক॥ দেড় বছর আগে প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা কৃষ্ণা (১৭) নামে এক তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিওর সহযোগিতায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এবিএম মুহিত হোসেন বলেন, বাগেরহাটের আকবর মোল্লা নামে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ধরে মেয়েটি দেড় বছর আগে অবৈধপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসে। পরে আকবরের সঙ্গে বিয়ে হয়। একপর্যায়ে মেয়েটির বাবা ভারতীয় পুলিশের কাছে আকবরের নামে অপহরণ মামলা করে। পরে বাংলাদেশ পুলিশ মেয়েটিকে উদ্ধার করে বাগেরহাটের নিরাপদ আবাসন নামে একটি সমাজসেবা সংস্থার হেফাজতে দেয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষ করে ওই তরুণীকে ভারতীয় পুলিশের সহায়তায় তার পরিবারের কাছে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ও আইসিপি বিজিবির কমান্ডার সুবেদার আশরাফ আলীসহ এনজিও সংস্থার কর্মকর্তারা।

ভাগ