বাগেরহাটে আরেকটি ধর্ষণ মামলার রায় বৃহস্পতিবার

বাগেরহাট প্রতিনিধি॥ বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১১) ধর্ষণের মামলার রায় ঘোষণার জন্য আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিন ধার্য করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার (২ নভেম্বর) বিকালে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ নূরে আলম যুক্তিতর্ক শেষে এই ঘোষণা দেন। মামলায় বাদী পক্ষে ১৫ জন এবং আসামিপক্ষে দু’জন মিলিয়ে মোট ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন বিচারক। এর আগে গত ১৯ অক্টোবর একই আদালত মাত্র সাত কর্মদিবসে মোংলার মাকড়ডোন এলাকার সাত বছরের একটি শিশুকে ধর্ষণের দায়ে আব্দুল মান্নান সরদার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সহকারী কৌঁসুলি (এপিপি) রনজিৎ কুমার মন্ডল বলেন, ২০১৯ সালের ৮ আগস্ট সকাল ৭টায় মাদ্রাসা সুপারের কাছে আরবি শিক্ষা নিতে যায় ওই ছাত্রী। পৌনে ৮টার দিকে মাদ্রাসার সুপার ইলিয়াছ জোমাদ্দার এক ছাত্রীকে রেখে অন্য তিন জনকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে তিনি ওই ছাত্রীকে মাদ্রাসার লাইব্রেরিতে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেন ইলিয়াছ। মেয়েটি মাকে ঘটনা খুলে বলে। এই ঘটনার ১১ দিন পর ১৯ আগস্ট মেয়েটির বাবা বাদী হয়ে ইলিয়াস জোমাদ্দারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) আবু সাইয়েদ। তদন্তে নেমে পলাতক মাদ্রাসা সুপার ইলিয়াছকে প্রায় দুই মাস পর গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সোমবার এই মামলার বাদী-বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক আগামী ৫ নভেম্বর রায় ঘোষণার দিন কার্য তালিকায় রেখেছেন।

ভাগ