লঙ্কা প্রিমিয়ার লিগও আরব আমিরাতে?

লোকসমাজ ডেস্ক॥ কোয়ারেন্টিনের কড়াকড়ির কারণেই শ্রীলঙ্কা সফর বাতিল করেছিল বাংলাদেশ। সেই কড়াকড়িতে এবার লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু নিয়েও ঝামেলা তৈরি হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২১ নভেম্বর শুরুর কথা থাকলেও সেটি আবারও বিবেচনার কথা ভাবছে আয়োজকরা। এমনকি টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হতে পারে সংযুক্ত আরব আমিরাত অথবা মালয়েশিয়াতেও! টুর্নামেন্ট ডিরেক্টর রবিন বিক্রমারত্নে এমন আভাস দিয়েছেন ক্রিকইনফোকে। তবে তারা শ্রীলঙ্কাতেই টুর্নামেন্ট আয়োজনে বেশি আগ্রহী। বিকল্প হিসেবে ভাবা হচ্ছে বিদেশি ভেন্যুর কথা।
মূলত ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্বই সব কিছুতে বাধা হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করায় সেটি চুক্তি ভঙ্গের কারণ দাঁড়িয়েছে কিছু বিদেশি খেলোয়াড়দের জন্য। একই সঙ্গে দেশের বাইরে থেকে আগত ধারাভাষ্যকার ও ব্রডকাস্ট কর্মীদের জন্যও সেটি সমস্যার হয়ে দেখা দিয়েছে। এর আগে সূচি পরিবর্তন করলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) চাইছে, এই বছরেই টুর্নামেন্টটি যেন মাঠে গড়ায়। তাই তিনটি বিকল্প নিয়ে ভাবছে আয়োজকরা। রবিন বিক্রমারত্নে বলেছেন, ‘প্রথম অপশন হচ্ছে শ্রীলঙ্কায় দুটি ভেন্যুতে টুর্নামেন্ট সীমাবদ্ধ রাখা। তাহলে টুর্নামেন্ট এক সপ্তাহ পেছাতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে একটি ভেন্যুতেই খেলা। জীবানু সুরক্ষিত পরিবেশে এটা করতে পারলে তখন সব কিছু সহজসাধ্য হয়ে যাবে।’ এর পরেই বিকল্প ভেন্যুর কথা বলেছেন তিনি, ‘শেষ অপশন যেটা হচ্ছে, আমরা সেটি করতে আগ্রহী নই, টুর্নামেন্টটি হয় মালয়েশিয়া অথবা আরব আমিরাতে সরিয়ে নেওয়া। যেহেতে এটা লঙ্কানদের টুর্নামেন্ট, তাই এখানে খেলাটাই যুক্তিযুক্ত। শ্রীলঙ্কান খেলোয়াড়রাও এর জন্য অধীর অপেক্ষা করছে।’ এই বিকল্প রেখেই বুধবার শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসবে এসএলসি। এর পরেই বোঝা যাবে কোন পথ ধরতে যাচ্ছে আয়োজকরা।

ভাগ