স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগরে একজন গৃহবধূকে (২৮) যৌনপীড়ন ও হত্যা প্রচেষ্টার অভিযোগে গত শনিবার দিবাগত রাতে হিমাদুল শেখ (১৭) নামে এক তরুনকে আটক করেছে পুলিশ। সে উপজেলা হিদিয়া গ্রামের মাকসুদ শেখের ছেলে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, হিমাদুল তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এমনকী তাকে কু-প্রস্তাবে রাজি হলে ৫শ’ টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়। বিষয়টি হিমাদুলের মা-বাবাকে জানালে সে তার অপরাধের জন্য ক্ষমা চেয়ে নেয়। এ ঘটনার পর গত শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যাওয়া শিশুপুত্রকে আনতে যান গৃহবধূ। এ সময় হিমাদুল পিছু নিয়ে গোপনে সেখানে এসে আচমকা তাকে যৌনপীড়ন চালায়। সাথে সাথে তিনি তার হাত ধরে আটক করার চেষ্টা করলে সে তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। ওই সময় গৃহবধূর চিৎকার চেঁচামেচি শুনে স্বজনেরা ছুটে গেলে হিমাদুল হুমকি ধামকি দিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ ৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোডে অভয়নগর থানায় একটি মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামি হিমাদুলকে ওইদিন দিবাগত রাত পৌনে ৩টার দিকে হিদিয়া গ্রাম থেকে আটক করে। পরদিন রোববার তাকে আদালতে সোপর্দ করেন মামলার তদন্ত কর্মকর্তা বাশুয়াড়ি পুলিশ ক্যাম্পের এসআই জাকির হোসেন। আদালত এ সময় তাকে পুলেরহাটস্থ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।





