লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রাম আবারো অশান্ত হয়ে উঠেছে। গত শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষরা জাকির হোসেন মৃধা নামে একজনের উপর হামলা চালিয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছে। অভিযোগে জানা গেছে, পারমল্লিকপুর গ্রামে ২০১৬ সালের ১৬ আগষ্ট গ্রাম্য কোন্দলের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ব্যবসায়ী নুর ইসলাম মৃধা খুন হন এবং ওই হামলায় আহত ইকবল হোসেন মৃধা ২০ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দুই খুনের ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-জি,আর ১৬৯/১৬(২)। থানায় দায়েরকৃত মামলায় পুলিশ ২০১৭ সালের ৩ আগষ্ট আদালতে ৪৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র নং-১৬৪। আসামীরা জামিনে রয়েছেন। গত শনিবার সন্ধ্যায় পারমল্লিকপুর গ্রামের মৃধাপাড়ার হাবিব মৃধা ও জাকির মৃধার দোকানের সামনে গিয়ে জাকির ঠাকুর, রহমত ঠাকুর, মনু ঠাকুর, আরমান ঠাকুর, মোস্ত ঠাকুর, আলী আহম্মদ ঠাকুর, সবুজ মিনা, জলিল ঠাকুর, মান্নান ঠাকুর, ইসটার ঠাকুর, টগর ঠাকুর, আনিস ঠাকুর সহ ৪০/৫০ জনে দেশীয় অস্ত্র নিয়ে জাকির মৃধার উপর অতর্কিত হামলা চালায় ও তার দোকান বন্ধ করে দেয়। আহত জাকির মৃধা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। জাকির মৃধা হলেন নিহত ইকবল হোসেন মৃধার চাচা। মামলার বাদী পক্ষ অভিযোগ করেন, আসামীরা হত্যা মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে। প্রতিপক্ষরা খাল-বিল, মাঠে আমাদের যেতে নিষেধ করেছে। হুমকি দিয়েছে যে, মাঠে-ঘাটে গেলে প্রাণে শেষ করে দেবো। পারমল্লিকপুর ওয়ার্ডের মেম্বর ও অভিযুক্ত গ্রুপের নেতা উজ¦ল ঠাকুর বলেন, হামলার কোন ঘটনা ঘটেনি। গ্রামে এখনও পুলিশ রয়েছে। পারমল্লিকপুর গ্রামে ডিউটিতে থাকা পুলিশ অফিসার এস,আই লুৎফর বলেন, তেমন কোন ঘটনা ঘটেনি। গ্রামে পুলিশ টহল দিচ্ছে। পরিবেশ শান্ত আছে।





