কুষ্টিয়া প্রতিনিধি॥ কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় মো. জুয়েল (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সাজার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। মো. জুয়েল কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকায় জুয়েল তাকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। ২০১৯ সালের ৩ অক্টোবর রাতে স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে ধর্ষণ করে অভিযুক্ত। এ সময় গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হওয়া দেখে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে জুয়েলের নামে স্থানীয় কুমারখালী থানায় ধর্ষণ মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ২৮ নভেম্বর আসামি জুয়েলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, মামলাটির চার্জ গঠন ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দিয়েছেন আদালত।





