নেইমারহীন পিএসজিকে সামলাচ্ছেন এমবাপ্পে

লোকসমাজ ডেস্ক॥ চ্যাম্পিয়নস লিগে গোড়ালিতে চোট পেয়েছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। সেই চোটে মধ্য নভেম্বর পর্যন্ত তাকে আর পাওয়া যাচ্ছে না। এছাড়া আরও কিছু খেলোয়াড়ও ইনজুরিতে রয়েছেন। এই অবস্থায় আক্রমণের সব ভার গিয়ে পড়েছে কিলিয়ান এমবাপ্পের কাঁধে। শক্ত প্রতিপক্ষ নঁতের বিপক্ষে অবশ্য সেই দায়িত্ব ভালোই সামলেছেন তিনি। তার অসাধারণ নৈপুণ্যে ৩-০ গোলে জিতে শীর্ষেই রয়েছে পিএসজি। প্রথমার্ধ আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে উঠলেও সুযোগ নষ্ট করেছে দুই দল। দুটি স্পষ্ট সুযোগ হাতছাড়া করেছেন এমবাপ্পে। বিরতির ১০ মিনিট আগে নঁতের মুয়ানি শট নিলেও তার বাঁকানো শট চলে যায় পোস্টের বাইরে।
দ্বিতীয়ার্ধে তুলনামূলক গোছানো খেলার ফল হিসেবে ৪৭ মিনিটে এগিয়ে যায় পিএসজি। বাম প্রান্ত থেকে এমবাপ্পের দেওয়া ক্রস থেকে গোল গোলটি করেছেন অ্যান্ডার হেরেরা। ৬৩ মিনিটে এমবাপ্পে ফাউলের শিকার হলে বিলম্বিত ভার রিভিউর পর পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে স্কোর ২-০ করেন এমবাপ্পে। ৭ মিনিট পর নঁতেও পেনাল্টির দেখা পেয়েছিল। কিন্তু কেদার বাম্বার শট ফিরিয়ে দলকে রক্ষা করেছেন পিএসজি গোলকিপার কেইলর নাভাস। ৮৮ মিনিটে আবারও নিজেদের ভুলের মাশুল দিয়েছে নঁতে। হজম করে তৃতীয় গোল। নিজেদের বক্সে নঁতের খেলোয়াড় ভুল করে বল পাঠিয়ে দেন সারাবিয়ার কাছেই। সুবর্ণ সুযোগে জালে বল জড়িয়ে দেন এই স্প্যানিশ উইঙ্গার। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে তারা।

ভাগ